মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে ডিজিটাল এক্স-রে সেবা।
মঙ্গলবার দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচতলায় ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. আবু রায়হান, এনসিপি নেতা সিয়াম আহমেদ, হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।
হাসপাতালে আসা রোগীরা জানান, আগে এক্স-রে করতে বাইরে গিয়ে ৫০০-৬০০ টাকা খরচ করতে হতো। এখন মাত্র ৭০ টাকায় সরকারি হাসপাতালে সেবা পাওয়া যাবে, যা গরিবদের জন্য বড় সহায়তা।
ডা. আবু রায়হান বলেন, “১০০ শয্যা হাসপাতাল হলেও বর্তমানে ৫০ শয্যায় কার্যক্রম চলছে। যেখানে ৭ জন মেডিকেল অফিসারের থাকার কথা, সেখানে আমরা মাত্র ৩ জন রয়েছি। তবুও সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদের সেবা দিতে।”
ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, এক্স-রে ফিল্ম না থাকায় দীর্ঘ এক বছর এ সেবা বন্ধ ছিল। এখন তা চালু হওয়ায় রোগীরা কম খরচে সেবা পাবেন। তবে জনবল সংকট একটি বড় সমস্যা। অল্পসংখ্যক মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।
এক্স-রে ছাড়াও অন্যান্য চিকিৎসা সেবার জন্য সরকারি হাসপাতালে আসার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।




