ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম চিনাডুলী গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে তিনটি গ্রামের প্রায় তিন হাজার মানুষ প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রায় ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি প্রতিদিনই আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চলাচলের জন্য ব্যবহার করে থাকেন। এ ছাড়াও একাধিক মাদ্রাসা, পাঁচটি মসজিদ ও হাট-বাজারে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও রাস্তাটির গুরুত্ব অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান রাজা বলেন, “রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং ভাঙন দেখা দিয়েছে। বর্ষার সময় কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অসুস্থ রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না, ব্যবসায়িক কাজেও বিঘ্ন ঘটছে।”

শিক্ষার্থীদের ভাষ্য মতে, প্রতিদিন এই রাস্তায় কষ্ট করে স্কুলে যেতে হয়। ফলে অনেক সময় বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়, যা তাদের লেখাপড়ায় প্রভাব ফেলছে।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য পরবর্তী প্রকল্পে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক, যাতে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।




