আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান মুসতানির ইন্টারন্যাশনাল একাডেমিতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কুরআন মাজিদ সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআনের তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীর আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান তালুকদার, অধ্যাক্ষ, বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল মাদ্রাসা।
প্রধান অতিথির বক্তব্যে বদিউজ্জামান তালুকদার বলেন, “পবিত্র কুরআন মুসলমানদের জীবনের আলোকবর্তিকা। শিশুদের ছোটবেলা থেকেই কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা হলে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু আধুনিক শিক্ষাই নয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান, আদর্শ ও মানবিকতায় উৎকৃষ্ট নাগরিক হয়ে ওঠে।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখে ছিল সন্তানের ধর্মীয় শিক্ষা অর্জনের গর্বিত দৃশ্য।
সবশেষে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে কুরআন মাজিদের সবক প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মঙ্গল, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।




