মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আব্দুর রহিম খান (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা সমবায় অফিসার হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মিজানুর রহমান আকন্দ রতন, মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা ও সেক্রেটারি মোস্তাক খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।




