Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

৩ বছরে ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, বিপাকে মাদারগঞ্জ মডেল মসজিদ

৩ বছরে ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, বিপাকে মাদারগঞ্জ মডেল মসজিদ

Oplus_131072

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ টাকা। দীর্ঘ ৩৫ মাস ধরে এই বিপুল অঙ্কের বিল পরিশোধ না হওয়ায় চরম সংকটে পড়েছে মসজিদ কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মসজিদটির বিদ্যুৎ ব্যবহার দিন দিন বাড়লেও বিল পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে নিয়মিত বিদ্যুৎ বিভাগের চাপ মোকাবিলা করতে হচ্ছে মসজিদের দায়িত্বপ্রাপ্তদের।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ পৌরশহরের বালিজুড়ী বাজার এলাকায় অবস্থিত মডেল মসজিদে বর্তমানে একজন পেশ ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম কর্মরত রয়েছেন। তাঁদের সম্মানী ইসলামিক ফাউন্ডেশন বহন করলেও বিদ্যুৎ বিলসহ অন্যান্য পরিচালন ব্যয় মুসল্লিদের দানের ওপর নির্ভরশীল।
মসজিদে রয়েছে একাধিক নামাজ কক্ষ, আধুনিক ঝাড়বাতি, শতাধিক লাইট, ফ্যান ও এসি, নারী-পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব অজুখানা, আধুনিক টয়লেট, অটিজম কর্নার, ইসলামিক লাইব্রেরি, বই বিক্রয় কেন্দ্র, ইমাম ও হজ প্রশিক্ষণ কেন্দ্র, অতিথিশালা এবং মৃতদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী জানান, “২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৭৯ হাজার টাকা। প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা বিল আসে, অথচ দানের মাধ্যমে আয় হয় মাত্র দুই থেকে তিন হাজার টাকা।”
তিনি আরও বলেন, বালিজুড়ী বাজারে একাধিক মসজিদ থাকায় এবং বাজার থেকে কিছুটা দূরে অবস্থানের কারণে মডেল মসজিদে মুসল্লির উপস্থিতি কম, ফলে দানের পরিমাণও কম পাওয়া যাচ্ছে।
পল্লী বিদ্যুতের মাদারগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ওবায়দুল্লাহ আল মাসুম বলেন, “বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “আমি সদ্য যোগদান করেছি। মডেল মসজিদের বকেয়া বিল একবারে পরিশোধ করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আয় বৃদ্ধিসহ সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

Advertisement
Advertisement