Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

যে কারণে আসন সংখ্যা জানালেন না জামায়াত আমির

যে কারণে আসন সংখ্যা জানালেন না জামায়াত আমির

Oplus_131072

মুক্তকাল ডেক্স:

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলোর মধ্যে চলমান আসন সমঝোতার বিষয়ে এখনই চূড়ান্ত সংখ্যা প্রকাশ না করার কারণ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা সবাই মিলে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। আসন বণ্টন নিয়ে আমাদের অল্প কিছু আলোচনা বাকি আছে। খুব শিগগিরই আমরা বিষয়টি জানাতে পারবো।”
সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানান, এনসিপি ও এলডিপিকে যুক্ত করে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার জোট আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, ৩০০ আসনেই নির্বাচনি সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রায় সব আসনেই ঐকমত্যে পৌঁছানো গেছে। তবে শেষ পর্যায়ে যুক্ত হওয়া দুটি দলের কারণে কিছু কারিগরি বিষয় রয়ে গেছে।
ডা. শফিকুর রহমান বলেন, “মনোনয়নপত্র দাখিলের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান করা হবে। ন্যায্যতার ভিত্তিতেই আসন বণ্টন চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান, জোটে যুক্ত হওয়ার আগ্রহ থাকা সত্ত্বেও অনেক দলকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কারণ জোটের সমঝোতা ইতোমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এতে উপস্থিত ছিলেন কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ জোটভুক্ত ৮ দলের শীর্ষ নেতারা।
এর আগে জোটে থাকা আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে যুক্ত হওয়া দুই দল হলো এলডিপি ও এনসিপি।

Advertisement

Advertisement