Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

ব্রেন টিউমার রোগী আল্পনার পাশে দাঁড়ালেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন

ব্রেন টিউমার রোগী আল্পনার পাশে দাঁড়ালেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন

Oplus_131072

মোহাম্মদ গোলাম মোস্তফা: বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় তরুণী আল্পনা বেগমের (১৯) চিকিৎসার দায়িত্বে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মারণব্যাধির সাথে লড়াই করলেও আর্থিক সংকটের কারণে চিকিৎসা বন্ধ হয়ে পড়েছিল তার। পরিবারের এমন করুণ অবস্থা বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রীসহ মানবিক সহায়তা প্রদান করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন তার কার্যালয়ে রোগীর স্বামী ফারুক আহমেদের হাতে নগদ ৮ হাজার টাকা, প্রয়োজনীয় শুকনো খাবার ও চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশনা তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুনও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, উত্তর বাজার এলাকায় বসবাসরত ফারুক–আল্পনা দম্পতি এক সময় স্বাভাবিক জীবনযাপন করলেও আল্পনার ব্রেন টিউমারের কারণে পুরো পরিবারে নেমে আসে অন্ধকার। দীর্ঘদিন ধরে মাথাব্যথা, দৃষ্টিক্ষীণতা ও শরীর অবশ হওয়ায় তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। টিউমার বড় হওয়ায় জটিলতা দিন দিন বাড়ছে।
চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে গিয়ে সম্পদ বলতে যা ছিল, সবই বিক্রি করতে বাধ্য হয়েছেন ফারুক। তবুও চিকিৎসা চালিয়ে নেওয়া ছিল অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। একমাত্র শিশুসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল পরিবারের।

এ অবস্থায় গত বুধবার আল্পনার পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন। আল্পনার অবস্থা ও মেডিকেল রিপোর্ট যাচাই করার পর ইউএনও তাৎক্ষণিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন।

পরিবারটিকে আশ্বস্ত করে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন—
“আল্পনার অবস্থা বিবেচনায় আমরা জরুরি ভিত্তিতে অর্থ ও খাবার সরবরাহ করেছি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা জরুরি। প্রয়োজন হলে ভবিষ্যতেও সহযোগিতা করা হবে।”

এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন জানিয়েছেন, আল্পনা বেগমকে হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সমাজসেবা কার্যালয় থেকে আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। এতে তার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন পরিবারটি।

চিকিৎসা ব্যয়ের বোঝা সামলাতে না পেরে দুশ্চিন্তাগ্রস্ত ফারুক আহমেদ জানান—
“স্ত্রীর চিকিৎসা করতে করতে সব হারিয়েছি। এখন উপজেলা প্রশাসন যে সহায়তা দিল, তাতে আবারো বাঁচার স্বপ্ন দেখছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন।”

ব্রেন টিউমারে আক্রান্ত এক সন্তানের জননী আল্পনা বেগমের চিকিৎসায় এ সহায়তা স্থানীয়ভাবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

Advertisement