সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক নামে এক ইউনিয়ন পরিষদ সচিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক উপজেলার ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোজাম্মেল হক তার কর্মস্থল সিধুলী ইউনিয়ন থেকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথিমধ্যে আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বালিজুরি) থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের রকি মেম্বার জানান, আকস্মিক এই দুর্ঘটনায় কর্মস্থল থেকে ফেরার পথে সচিব তোজাম্মেল হকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রইচ উদ্দীন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সিধুলী ইউনিয়ন থেকে ফেরার পথে বালিজুরি দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার অন্য মোটরসাইকেলের আরোহী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




