মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর নাংলা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলো দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাতের আঁধারে কেরোসিনের কুপির আলো কিংবা ব্যাটারিচালিত লাইটের ওপর নির্ভর করেই তাদের দৈনন্দিন জীবনযাপন করতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রকল্পের ঘরগুলো নির্মাণের পর বহু পরিবার স্থায়ীভাবে বসবাস শুরু করলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং পরিবারের নিত্যকার কাজকর্মেও ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, মাত্র দুইটি খুঁটি স্থাপন করলেই সহজেই প্রকল্প এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সমস্যা বছরের পর বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে।
চর নাংলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. হালিম বলেন,
“আমাদের ছেলেমেয়েরা বিদ্যুৎ না থাকায় ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। সামান্য দুইটি খুঁটি দিলেই বিদ্যুৎ আসবে, কিন্তু কেউ উদ্যোগ নিচ্ছে না।”
স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত প্রয়োজনীয় খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হলে প্রকল্পের পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




