নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যে প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা ২২ দলের অস্তিত্ব, কমিটি ও দলিলাদির সরেজমিন তদন্ত সম্পন্ন হয়েছে। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও কিছু দলের বিষয়ে বাড়তি যাচাইয়ের কারণে সময় লাগছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অভিযোগ ও অতিরিক্ত তথ্য যাচাই-বাছাই করায় বিলম্ব হচ্ছে। তবে দ্রুত কাজ শেষ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ছয় দল এগিয়ে
ইসি সূত্র জানায়, ২২ দলের মধ্যে ছয়টি নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে আছে। এর মধ্যে রয়েছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ জাতীয় লীগ এছাড়াও আরও দুটি দলকে চূড়ান্তভাবে বিবেচনা করা হচ্ছে। মোট ছয়টি দলের নিবন্ধনের জন্য ফাইল কমিশনের কাছে তোলা হয়েছে। ১০ দলের বিষয়ে পুনতদন্ত হবে এবং বাকি ছয় দলের আবেদন বাতিল করা হয়েছে।
আবেদন ও যাচাই-বাছাই প্রক্রিয়া ২০০৮ সালে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে ইসি। এ বছর ১৪৩টি দল আবেদন করলেও শর্ত পূরণ করতে না পারায় অধিকাংশই ছিটকে গেছে। শেষ পর্যন্ত ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত ও শুনানি সম্পন্ন হয়েছে। নিবন্ধন পেতে কেন্দ্রীয় ও স্থানীয় কমিটি, ভোটারের সমর্থনের প্রমাণসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নতুন ছয় দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৭টিতে। শাপলা প্রতীক নিয়ে বিতর্ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাওয়ার বিষয়ে আশাবাদী হলেও তাদের কাঙ্ক্ষিত প্রতীক শাপলা দেওয়া হবে না বলে জানিয়েছে ইসি। এনসিপি বারবার শাপলা প্রতীক দাবি করলেও কমিশন তা প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে এনসিপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। সিইসি স্পষ্ট করে জানিয়েছেন, শাপলা প্রতীক কাউকেই দেওয়া হবে না এবং এর ব্যাখ্যাও কমিশন দেবে না। তবে এনসিপি বলছে, বাইরের চাপের কারণেই তাদের শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না।




