বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে দায়িত্ব পালন করা ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ককে মোবাইল কলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
হুমকি পাওয়া সমন্বয়কের নাম আশিকুর রহমান (২৬)। আনন্দ মোহন কলেজে স্নাতকোত্তরে পড়ছেন তিনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কিছু পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




