Skip to content
প্রকাশ- November 5, 2026 , 10:37 am
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শেষ, আজ থেকে মাঠপর্যায়ে কাজ শুরু

মাদারগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শেষ, আজ থেকে মাঠপর্যায়ে কাজ শুরু

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে।

মঙ্গলবার ও বুধবার (৩ ও ৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Advertisement

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা, পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই, সঠিক তথ্য সংগ্রহ এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাঠপর্যায়ে প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহে কোনো ধরনের ভুল, অসংগতি কিংবা পক্ষপাতিত্ব যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারীদের পরিবারের সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা, পেশা, আয়-রোজগারসহ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। অন্যদিকে সুপারভাইজারদের দায়িত্ব হবে তথ্য সংগ্রহের কার্যক্রম তদারকি, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং তথ্যের মান ও স্বচ্ছতা নিশ্চিত করা।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা। এ ক্ষেত্রে সঠিক উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সতর্কতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আজ থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। এর মাধ্যমে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পরিবারের প্রকৃত আর্থসামাজিক চিত্র উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পরবর্তী সময়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগী পরিবার নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Advertisement