জামালপুর মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও মাদারগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশব্যাপী কর্মসূচির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাদারগঞ্জেও কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাড়িঘর ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি জানান, প্রতি শনিবার মাদারগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বাসাবাড়ি বা অফিস অপরিষ্কার পাওয়া গেলে অভিযান চালানো হবে এবং প্রয়োজনে জেল-জরিমানা করা হবে। পাশাপাশি মাদারগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের পরিচ্ছন্ন বাসাবাড়ি ও অফিসকে পুরস্কৃত করা হবে।
দেশব্যাপী ঘোষিত এ কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
