জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখা। সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতায় নিহত ব্যক্তিদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ৩ নং গুনারীতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহীন আক্তার খান পিটার, মাওলানা জাকারিয়া, আব্দুল আজিজ জামালী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান ও সেক্রেটারি শাহীন আলম, উপজেলা বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম ও সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলী।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এলাকায় সংঘটিত সহিংসতায় কয়েকজন নিহত হন। ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা প্রয়োজন। রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে বলেও তাঁরা মন্তব্য করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর দলের নেতা-কর্মীরা লগি-বইঠা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মী নিহত হন বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি’ হিসেবে পরিচিত।
আলোচনা সভায় বক্তারা নিহত ব্যক্তিদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির শাহীন আক্তার খান পিটার।




