Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ঘের দিয়ে মাছ চাষের অভিযোগ ইন্তেজ আলীর বিরুদ্ধে

মাদারগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ঘের দিয়ে মাছ চাষের অভিযোগ ইন্তেজ আলীর বিরুদ্ধে

জামালপুরের মাদারগঞ্জে উন্মুক্ত জলাশয়ের দুই পাশে জাল দিয়ে ঘের তৈরি করে মাছ চাষের অভিযোগ উঠেছে ইন্তেজ আলী (৪৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই জলাশয়টি ঘিরে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জমির মালিকদের। এ ঘটনায় জলাশয়টি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাঁধের মাথায় কাঠের সেতুর পূর্ব পাশে উন্মুক্ত জলাশয়ের দুই দিকে জাল দিয়ে ঘের তৈরি করা হয়েছে। সেখানে জলজ আগাছা পরিষ্কার করে মাছের খাবারও দেওয়া হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, জলাশয়টিতে ঘের দিয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হলে জমির প্রকৃত মালিকেরা বাধা দেন। তবে তাঁদের বাধা উপেক্ষা করেই ঘের তৈরি করে মাছ চাষ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইন্তেজ আলীর বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

জলাশয়সংলগ্ন জমির মালিক মোহাম্মদ আলী, রবিউল ও সামিউল বলেন, নাংলা বাঁধের মাথায় নদী বা উন্মুক্ত জলাশয়ের দুই পাশেই তাঁদের জমি রয়েছে। তাঁরা সেখানে চাষাবাদ করেন। দীর্ঘদিন ধরে জলাশয়টি সবার জন্য উন্মুক্ত ছিল। কৃষকেরা সেখানে ঘাস ধুয়ে নিতেন, গবাদিপশুকে গোসল করাতেন এবং স্থানীয় লোকজন মাছ ধরতেন।

তাঁদের অভিযোগ, প্রশাসনের অনুমোদন ছাড়াই ইন্তেজ আলী জোরপূর্বক জলাশয়ের দুই পাশে জাল দিয়ে ঘের তৈরি করে মাছ চাষ করছেন। এতে জলাশয়টির স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা জলাশয়টি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত ইন্তেজ আলী বলেন, তিনি ভূমি অফিসে গিয়েছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা সেখানে ছিলেন না। অফিসের লোকজন তাঁকে কর্মকর্তা আসার পর যোগাযোগ করতে বলেছেন।

অনুমোদন ছাড়াই জলাশয়ে ঘের দিয়ে মাছ চাষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি নেব। অনুমতি না দিলে জাল ও খুঁটিসহ উঠিয়ে ফেলব। অনুমতি ছাড়াই মাছ চাষ করছি, তবে এটা আমার অন্যায় হয়েছে।’

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান খান বলেন, নাংলা বাঁধের মাথায় কাঠের সেতুর পূর্ব পাশে উন্মুক্ত জলাশয় দখল করে ঘের দিয়ে মাছ চাষ করা ঠিক নয়। এ জলাশয়ে সবাই মাছ ধরতে পারবেন। জলাশয় দখল করে মাছ চাষের বিষয়ে মৎস্য কার্যালয় কিছু জানে না। তাঁর কার্যালয় থেকে কাউকে জলাশয়টি লিজ দেওয়া হয়নি। লিজ দেওয়ার বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে হয়ে থাকে।

Advertisement