Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মাদারগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, উত্তেজনা

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মাদারগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, উত্তেজনা

আব্দুর রহিম খান।।

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘদিনের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। রোববার (২৮ জুন) দিবাগত রাতে কয়েকশ ক্ষুব্ধ মানুষ উপজেলা পৌরসভার পূর্বপাড়া এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাদারগঞ্জ থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ১০টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ গ্রাহক বিদ্যুৎ কেন্দ্রের সামনে জড়ো হয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা কেন্দ্রটিতে ভাঙচুরেরও চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এরপর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন গ্রাহকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিক্ষুব্ধ গ্রাহক জানান, মাদারগঞ্জ উপজেলাজুড়ে দিনের পর দিন ব্যাপক লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনেও কার্যকর সমাধান না পাওয়ায় বাধ্য হয়েই তারা বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, “কয়েকশ মানুষ বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করলে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি জানান, মাদারগঞ্জে বিদ্যুতের দৈনিক চাহিদা ১৭ থেকে ১৮ মেগাওয়াট হলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না এবং বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ বৃদ্ধি পেলে লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করা হবে।

Advertisement