নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ফল বৃক্ষ করবো চাষ, কাটবো না আর একটা গাছ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত রবিবার (২৮-০৬-২০২৬) মেলান্দহ সদর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ জিয়াউল কবীর জিন্নাহ।
এ সময় তিনি বলেন, “একটি পরিবার যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশিক্ষা ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলে, তেমনি একটি গাছ আগামী দিনের সুস্থ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রতিটি পরিবারকে অন্তত একটি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্বকারী প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে পর্যাপ্ত গাছপালা থাকলে শিক্ষার্থীরা নির্মল পরিবেশে পড়াশোনার সুযোগ পায়। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।”
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাও বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের চর্চা গড়ে তোলার বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।




