Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

শ্রেণিকক্ষে ৩ ফ্যান নষ্ট, দুর্ভোগে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে ৩ ফ্যান নষ্ট, দুর্ভোগে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা
নাইমুর রহমান, জাবিপ্রবি প্রতিনিধি।
প্রচণ্ড গরমের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ১২৭ নাম্বার  শ্রেণিকক্ষে বেশকিছু দিন ধরে ৩টি সিলিং ফ্যান অচল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে ক্লাস চলাকালে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র গরম ও অস্বস্তিকর পরিবেশের কারণে স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দুপুরের ক্লাসগুলোতে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। গরমে অতিষ্ঠ হয়ে মনোযোগ ধরে রাখা এবং স্বাভাবিকভাবে ক্লাসে অংশগ্রহণ করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ছে।
একাধিক শিক্ষার্থী জানান, বিষয়টি বেশ কয়েকদিন ধরেই বিদ্যমান থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার সংশ্লিষ্টদের অবগত করার পরও সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের জন্য ন্যূনতম উপযোগী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল ও কার্যকর ফ্যান না থাকলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।
এ অবস্থায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে নষ্ট ফ্যানগুলো মেরামত বা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
Advertisement