নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ ও বৈষম্যের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
কর্মসূচিতে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী ও সাধারণ গ্রাহক।
তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বছরের পর বছর ধরে চলছে, যার ফলে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী একটি গোষ্ঠী, বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে বিপুল পরিমাণ অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশি পরিষদের আহ্বায়ক আবু সায়েম বলেন, ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে প্রভাবশালী চক্র অবৈধভাবে লোক নিয়োগ দিয়েছে। এতে প্রকৃত মেধাবী তরুণেরা চাকরির সুযোগ হারাচ্ছেন। আমরা চাই, এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হোক।
তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে যে বৈষম্য চলছে, তা দেশের অর্থনৈতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। জনগণের টাকায় গড়ে ওঠা ব্যাংকগুলো জনগণের জন্য হতে হবে, কোনো গোষ্ঠীর জন্য নয়।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য ও বিনিয়োগ গ্রাহক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ। তিনি বলেন,
আমরা ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক। আমাদের বিনিয়োগের টাকায় ব্যাংক চলে। সেখানে যদি যোগ্যতা নয়, প্রভাব দিয়ে নিয়োগ হয়, তাহলে জনগণের আস্থা ধ্বংস হবে
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ব্যানারে লেখা ছিল মেধার বিকাশ চাই, দুর্নীতি নয় এবং এস আলমের অবৈধ নিয়োগের বিচার চাই।
কর্মসূচির সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন এবং অবৈধ নিয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।




