Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

বকশীগঞ্জে বিএনপির নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা

বকশীগঞ্জে বিএনপির নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাট্টাজোর ইউনিয়ন বিএনপি।

Advertisement

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিতদের মধ্যে ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, সহ-সভাপতি মো. আকতার মাস্টার, সহ-কৃষি বিষয়ক সম্পাদক ফরিদ আহম্মদ, নমিনেটেড সদস্য মো. লিটন আকন্দ এবং আরিফুজ্জামান দুদু মেম্বার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকতার মাস্টার এবং সঞ্চালনা করেন বাট্টাজোর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব।

সংবর্ধিত নেতারা বলেন, “গত ১৭ বছর ধরে দেশ ফ্যাসিবাদের শাসনে বন্দী। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে শৃঙ্খলাবদ্ধ করা হয়ে ছিল, বাকস্বাধীনতা স্তব্ধ করে দেওয়া হয়ে ছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে মানুষ নির্যাতন, মিথ্যা মামলা আর দমন-পীড়নের শিকার হয়েছে। তবে ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। জনগণ দেখিয়ে দিয়েছে তারা আর অবরুদ্ধ গণতন্ত্র মেনে নিতে প্রস্তুত নয়। আজ দেশের প্রতিটি প্রান্তে পরিবর্তনের দাবিতে জাগরণ শুরু হয়েছে।”

তারা আরও বলেন, “উপজেলা বিএনপির নতুন কমিটি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ব্যক্তি নয়- সমগ্র দলের স্বার্থই হবে এখন থেকে আমাদের একমাত্র লক্ষ্য। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি, তাদের ত্যাগ আর শ্রম ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না।”

বক্তারা বলেন, “৫ আগস্টের পর প্রমাণিত হয়েছে, জনগণের শক্তিই সর্বশক্তি। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে এবং দেশ এক নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। অবরুদ্ধ গণতন্ত্র থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।”

আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের মোড় ঘোরানো অধ্যায়। এই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে মাঠে থাকতে হবে। সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না। তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলকে ঐক্যবদ্ধ রাখা ও জনগণের আস্থা অর্জনই এখন প্রধান দায়িত্ব।”

“আগামী ২৭ আগস্ট দেওয়ানগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ আমাদের ঐক্য, শৃঙ্খলা ও শক্তির বড় পরীক্ষা। এই সমাবেশকে সর্বতোভাবে সফল করতে হলে প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সংগঠনের কাঠামোকে শক্তিশালী করতে হবে। সমাবেশ সফল হলে তা হবে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের মাইলফলক।”

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বাট্টাজোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলী মজনু বাবু এবং একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বাট্টাজোর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement