জামালপুরের মাদারগঞ্জে মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মাথায় আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন সাইফ নামে এক ব্যক্তি। এ ঘটনায় তাঁর সহযোগী জীবন আহম্মেদকেও গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পৌর শহরের মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তাঁদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাইফ মিয়াবাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য জগলুল হাসানের ছেলে। অপর গ্রেপ্তার জীবন আহম্মেদ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিয়াবাজার পৌরসভা গেটসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সাইফ ও জীবন আহম্মেদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, সাইফ এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হলেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বলেন, ১০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।




