জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের বউ ও শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের স্ত্রী ফরিদা বেগম (৪০)। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল আনুমানিক ৬টার দিকে বাসটি নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়।
বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশকে খবর দেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং বাসের হেলপার মহিনউদ্দিনকে আটক করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও এর হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




