জামালপুরের মাদারগঞ্জে হলি মিশন হাইস্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নবম শ্রেণিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বালিজুড়ী এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মতি। খেলার উদ্বোধন করেন হলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাঈম। বিশেষ অতিথি ছিলেন হলি মিশন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি মিশন হাইস্কুলের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম। খেলা পরিচালনা করেন জোনাইল উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আমিনুল ইসলাম। লাইনম্যানের দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম ও রায়হান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলি মিশন হাইস্কুলের সহকারী শিক্ষক এস আলম। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান, লেমন মিয়া, শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা বিকাশের সুযোগ তৈরি হয়।




