জামালপুরের মাদারগঞ্জে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণের নেতৃত্বে গাবেরগ্রাম ঝালুপাড়া জগন্নাথ দেবের নাথ মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রাটি মাদারগঞ্জ উপজেলা চত্বর প্রদক্ষিণ করে গাবেরগ্রাম বাজার হয়ে পুনরায় জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়।
এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কাঁসা, ঢাকসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সমাজে অন্যায় ও অধর্ম দূর করে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অসাম্প্রদায়িক চেতনা ও শ্রীকৃষ্ণের সেই মানবিক বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
