Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:14 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ভিজিডির ৩৬ বস্তা চাল চুরির ঘটনায় ছয়জনকে ৮৮ হাজার টাকা জরিমানা

মাদারগঞ্জে ভিজিডির ৩৬ বস্তা চাল চুরির ঘটনায় ছয়জনকে ৮৮ হাজার টাকা জরিমানা
মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভিজিডির ৩৬ বস্তা চাল ও দুটি ফ্যান চুরির ঘটনায় জড়িত ছয়জনকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত এক সালিশি বৈঠকে অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদের চৌকিদারদের অনুপস্থিতির সুযোগে সন্ধ্যার দিকে স্থানীয় ছয় নেশাগ্রস্ত যুবক গুদামের তালা ভেঙে ভিজিডির ৩৬ বস্তা চাল চুরি করে। পরদিন রাতে তারা ইউনিয়ন পরিষদের কয়েকটি চেয়ারও চুরির চেষ্টা করলে এক চৌকিদারের নজরে বিষয়টি আসে। পরে তিনি ইউপি সচিবকে অবহিত করলে বিষয়টি ইউনিয়ন প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।
সোমবার সন্ধ্যায় কড়ইচড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত সালিশি বৈঠকে উপজেলার বিনোদটঙ্গি এলাকার বুরহান, সাইম ও রিফাত এবং নলছিয়া গ্রামের জান্নাত, সাঈদ ও রাসেলসহ তাদের অভিভাবকদের উপস্থিতিতে চুরি হওয়া ৩৬ বস্তা চাল ও দুটি ফ্যানের মূল্য বাবদ মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ওই অর্থ আদায় করা হয়।
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা জানান, স্থানীয়দের সহযোগিতায় চুরির ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ইউনিয়ন পরিষদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
Advertisement