Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে মসজিদের নির্মাণকাজে বাধার অভিযোগ, সেটেলমেন্টের রাস্তা উদ্ধারের দাবি

মাদারগঞ্জে মসজিদের নির্মাণকাজে বাধার অভিযোগ, সেটেলমেন্টের রাস্তা উদ্ধারের দাবি
মাদারগঞ্জ প্রতিনিধি ||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ মধ্যপাড়া জামে মসজিদের নির্মাণসামগ্রী পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে দখলমুক্ত করে সেটেলমেন্টের রাস্তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রোববার দুপুরে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ মধ্যপাড়া এলাকায় মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এ দাবি জানান।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, পুরোনো টিনশেড মসজিদ ভেঙে নতুন পাকা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। কিন্তু নির্মাণসামগ্রী পরিবহনের সময় কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ট্রলি, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং নির্মাণকাজও ব্যাহত হয়।

এলাকাবাসীর দাবি, প্রায় ২৬ ফুট প্রশস্ত সেটেলমেন্টের রাস্তার বড় অংশ দীর্ঘদিন ধরে ঘরবাড়ি, গোয়ালঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করে দখল করা হয়েছে। বর্তমানে চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা নেই। এ অবস্থায় দুই মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

মসজিদ কমিটির সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মিয়া বলেন, দখলমুক্ত করে ম্যাপ অনুযায়ী রাস্তা পুনরুদ্ধার করা হলে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি এলাকার প্রায় এক হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগও দূর হবে।

মসজিদ কমিটির সদস্য আব্দুস ছামাদ বলেন, “রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় কোনো ধরনের নির্মাণসামগ্রী বহনকারী যানবাহন প্রবেশ করতে পারছে না। দ্রুত প্রশাসনিক উদ্যোগ না নিলে নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর ইউনিয়ন প্রশাসককে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়। তিনি জানিয়েছেন, রাস্তার ওপর থাকা খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে এবং মসজিদের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। রাস্তার উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সেটেলমেন্টের রাস্তা দখলের বিষয়টি সত্য হলে সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

Advertisement