সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের বিরুদ্ধে রাস্তার পাশের একটি গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদপুর বাজার থেকে উলিয়া সড়কের পাশে থাকা একটি আকাশমনি গাছ ঝড়ে উপড়ে পড়ে। অভিযোগ রয়েছে, পরে গাছটির প্রতি লোভ জাগে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের। একদিন কয়েকজন লোক নিয়ে তিনি গাছটি কেটে ফেলেন এবং গাছের গুঁড়িগুলো কয়েকদিন রাস্তার পাশে ফেলে রাখেন। পরে চারটি ভ্যানগাড়িতে করে সেগুলো মাহমুদপুর বাজারের একটি করাতকলের (স-মিল) পাশে বিক্রির উদ্দেশ্যে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভ্যানচালক রফিকুল ও আসাদুল্লাহ জানান, আবু সাঈদ তাদের গাছের গুঁড়িগুলো করাতকলের পাশে পৌঁছে দিতে বলেন। চারটি ভ্যানগাড়ির মাধ্যমে গুঁড়িগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং এজন্য তাদের এক হাজার টাকা ভাড়া দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আকরাম বলেন, “রাস্তার পাশের গাছ কেটে নেওয়া হয়েছে। যে-ই করে থাকুক না কেন, এ ধরনের কাজের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, অভিযোগের প্রেক্ষিতে গাছের গুড়ি জব্দ করা হযেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




