মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সদস্য/সমর্থক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে শতভাগ রাজনীতিমুক্ত ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে গোলাম রব্বানী এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন,
«”প্রেস বিজ্ঞপ্তি
আমি মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যক্ষ, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসা। কয়েক বছর পূর্বে আমি আওয়ামী লীগের সমর্থক/সদস্য ছিলাম। আজ ৬ আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের সাধারণ সদস্য/সমর্থক থেকে পদত্যাগ করে নিজেকে শতভাগ রাজনীতিমুক্ত করিলাম।
অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।”»
জানা গেছে, আশির দশকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে গোলাম রব্বানীর রাজনৈতিক জীবন শুরু হয়। পরে তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের তিনবারের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জামালপুর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।
পদত্যাগের বিষয়ে মোহাম্মদ গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ২০১৮ সালে পবিত্র হজ পালন করতে গিয়ে কাবাঘর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, রাজনীতি থেকে বিদায় নেব। কারণ, রাজনীতি আমার জন্য নয়। আওয়ামী লীগ সরকারের সময়ও আমি অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে গিয়েছিলাম। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা হয়নি।”
তিনি আরও বলেন, “সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। এতদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারিনি। এখন সুযোগ হয়েছে। তাই আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায় নিলাম। জীবনের বাকি সময় কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না। আমি যা করেছি, স্বজ্ঞানে করেছি।”
বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো কমিটির সঙ্গে সম্পৃক্ত নন। তবে তার এই ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




