মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের ইঙ্গিতে ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে হামলার পথ বেছে নেওয়া হলেও গণ অধিকার পরিষদ রাজপথ ছাড়বে না। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী রুবেল মিয়া, যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, গুনারীতলা ইউনিয়নের আহ্বায়ক তাহেরুল ইসলাম, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি জাকিরুল ইসলাম জাকির, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, কবি নজরুল কলেজ শাখার সাংস্কৃতিক সম্পাদক সালমান মিয়াসহ আরও অনেকে।
সমাবেশ পরিচালনা করেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জিল্লুর রহমান। এ সময় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




