মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিছিলটি মাদারগঞ্জ মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বালিজুড়ী এফ এম হাইস্কুল মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও জামালপুর সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি আল ইমরান সুজন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শেখ সাদিউর রহমান, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির শাহীন আক্তার পিটার খান, মাদারগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম প্রমুখ।
পৌর আমির বক্তব্যে বলেন, `আজকের এই দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রজনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিল। আমরা এই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ভাইদের রুহের মাগফেরাত কামনা করি। আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার অবশ্যই হতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না করে, খুনি হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
`অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করতে হবে এবং আইনি ভিত্তি দিতে হবে। কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। সবার জন্য সমান সুযোগ দিতে হবে।`




