স্টাফ রিপোর্টার||
জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রামসংলগ্ন দশানী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যাক্তির আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়।
পরে ইসলামপুর থানা পুলিশ ও ডিগ্রির চর তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রায় ৩ থেকে ৪ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশে আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় অচেনা কাউকে দেখা যায়নি, তাই লাশটির পরিচয় নিয়ে তারা নিশ্চিত হতে পারছেন না।
জামালপুর জেলা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাশটি শনাক্তকরণের স্বার্থে জেলার সকল সাংবাদিক ও ফেসবুক অ্যাডমিনদের নিজ নিজ পেজ ও গ্রুপে এই তথ্যটি শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে।




