মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ‘এক শহীদ, এক বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৪-এর জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাদারগঞ্জের তিন শহীদকে স্মরণ করে এই কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে উপজেলার তিন শহীদের বাড়িতে গিয়ে তাদের কবরের পাশে বকুল, কাঠবাদাম ও নিম গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
শহীদরা হলেন- সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার শহীদ মো. শহীদ হোসেন, যিনি মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন; কড়ইচড়া ইউনিয়নের মিলনবাজার এলাকার শহীদ মিজানুর রহমান, যিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং ধলিরবন্দর এলাকার শহীদ মোস্তফা, যিনি পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক মো. তৌফিকুল ইসলাম খালেক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য লেমন মিয়া, সিয়াম আহমেদ, আরিফুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।
ইউএনও নাদির শাহ জানান, জুলাই শহীদদের কবরস্থান পাকাকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে।




