সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন গেইম, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, মাদক এবং নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করতে জামালপুরের মেলান্দহে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আয়োজিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইন গেইম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তির নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাইবার বুলিং, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা, মাদকের ভয়াবহতা এবং বাল্যবিবাহের সামাজিক ও আইনগত ক্ষতিকর দিক তুলে ধরা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপরাধ, প্রতারণা বা অনৈতিক কর্মকাণ্ডের শিকার হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক ও শিক্ষকদের অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং অপরিচিত ব্যক্তির প্রলোভন বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে হবে। নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।
সভায় নারী ও শিশু সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে জানান, সভাটি তাদের মধ্যে বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিনির্ভর ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে।




