সাজ্জাদ হোসাইন শাহীন||
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে আত্মীয়ের বাড়িতে যাতায়াত করেছেন চালক আ. রহিম।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি ছেলের বউ ও বিয়াই বাড়ির লোকজনকে টনকিপাড়া এলাকায় পৌঁছে দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারি অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিবহনের জন্য অনুমোদিত। ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না।”
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে টনকিপাড়া এলাকার আবুল কালাম ওরফে কালার মেয়ের সঙ্গে চালক আ. রহিমের ছেলের বিয়ে হয়। এরপর মাঝে মধ্যেই তিনি ছেলের বউ ও শ্বশুরবাড়ির লোকজনকে সরকারি অ্যাম্বুলেন্সে আনা-নেওয়া করেন।
অভিযোগের বিষয়ে চালক আ. রহিম বলেন, ওইদিন আত্মীয়ের বাড়িতে গেছিলাম। এটা ঠিক। আর কোনদিন গেছি কেউ প্রমাণ দিতে পারবেনা।
জামালপুর সিভিল সার্জন ডা. আজিজ বলেন, “অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”




