হৃদয় আহমেদ (শাওন) জেলা প্রতিনিধি জামালপুরঃ
জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছে।
এ সময় একই ফ্ল্যাটের একটি কক্ষে আটকা থাকা তার দুই শিশু সন্তান জানালা দিয়ে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়।
রোববার (২৩ আগষ্ট ) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান জেলা শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। ও তার স্বামী কাউসার আহম্মেদ শাওনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়।
স্থানীয়রা জানান, ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একই ফ্ল্যাটের একটি কক্ষে দুই শিশু সন্তান গতকাল থেকে আটকা ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরে থাকা লোকজনের কাছে পানি চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে জরুরিসেবা ৯৯৯ এ জানানো হলে পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে বাচ্চাদের উদ্ধার করে ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে৷ তার স্বামী ঘটনার পর থেকে পলাতক। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




