৮ দফা দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪ টা দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে পরে তালা দেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত তালা ঝুলানো থাকবে বলে জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন মিজানর রহমান, সাকিন, রায়হান, জাহিন আব্দুল্লাহ জীম।
শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতর পরিচালিত ইঞ্জিনিয়ারিং কলেজে চরম শিক্ষক সংকটে রয়েছে। এই কলেজে শুধুমাত্র স্থায়ীভাবে ছয় জন শিক্ষক রয়েছে। আর কিছু অতিথি শিক্ষক নিয়ে ক্লাস পরিচালনা হচ্ছে।
আট দফা দাবি হলো: শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাবের জন্য লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা ও ইম্প্রুভমেন্ট সিস্টেম চালুর দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, আমরা আট দফা দাবিতে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমাদের আট দফা দাবি যে পর্যন্ত না মানা না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে সবকিছুর আধুনিক সুবিধা থাকলেও জনবল সংকট রয়েছে। জনবল না থাকায় ল্যাবের যন্ত্রপাতি ও মেশিন নষ্ট হয়ে গেছে।




