Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা: সাবেক ইউপি সদস্যসহ আটক ৩

ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা: সাবেক ইউপি সদস্যসহ আটক ৩

কবীর আহমেদ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ১২ বছরের কিশোরীকে কয়েকদিন পালাক্রমে ধর্ষণ করেছে তিন বন্ধু। ঘটনার ধামাচাপা দিতে সেই কিশোরীর পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

Advertisement

সোমবার (২৩ জুন) বিকেলে মামলা দায়েরের পর আটকদের আদালতে সোপর্দ করা হয়।

আটকদের মধ্যে উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত ইদ্রিস তালুকদারের ছেলে লিটন তালুকদার (৩৫) ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অন্যরা হলেন- তার দুই সহযোগী একই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. সেলিম (২৩) ও তারা মিয়ার ছেলে কবির মিয়া (২৮)।

মামলা ও যৌথবাহিনী সূত্র জানায়, কুমারপাড়া গ্রামের জনৈক কিশোরীকে একই গ্রামের মৃত দুলালের বখাটে ছেলে মো. শাহিন গত ১৪ জুন দুপুরে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। একইভাবে পর পর চারদিন জোরপূর্বক তাকে ধর্ষণ করলে এক পর্যায়ে তার বন্ধু আলা উদ্দিনের ছেলে মো. পারভেজ জেনে যায়।

পরে এ ঘটনা সবাইকে বলে দেওয়ার ভয় দেখিয়ে ১৭ জুন বিকেলে ওই মেয়েকে পারভেজও জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়টিও জেনে ফেলে তাদের অপর বন্ধু একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. লাভলু। ১৯ জুন দুপুরে মেয়েটিকে তার বাড়িতে একা পেয়ে ৬ষ্ঠ বারের মতো ধর্ষণের চেষ্টা করে লাভলু। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে সে পালিয়ে যায়।

সেই কিশোরীর মা অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গত রবিবার (২২ জুন) রাতে মীমাংসার কথা বলে লিটন তালুকদারের নেতৃত্বে বৈঠক বসিয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখতে চাপপ্রয়োগ করা হয়।

পরে তারাকান্দি সেনাক্যাম্পে খবর দিলে রাত ১১টার দিকে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে অভিযান চালিয়ে যৌথবাহিনী তিনজনকে আটক করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, সেই কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.