ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা শহরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
নিহতরা হলেন- উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহত অনন্ত তার মোটরসাইকেল মেরামতের জন্য নিহত রাসেলের গ্যারেজে যান। দুপুরে মিস্ত্রি রাসেল অনন্তকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য রাস্তায় বের হন। পরে দুপুর একটার দিকে নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত।
তিনি আরও বলেন, স্থানীয়রা রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনন্তের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।




