জামালপুরের মেলান্দহে ডিসি পরিচয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সাকিবের সহযোগী ও একাধিক মামলার আসামি মনির হোসেন জুইসকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) মধ্যরাতে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, ডিসি পরিচয়ে বিভিন্ন বালু ঘাটে চাঁদা নিতো সাজ্জাদ হোসেন সাকিব নামে এক প্রতারক। সাজ্জাদের প্রধান সহযোগী হিসাবে চাদাঁবাজির সাথে জড়িত জুইস।
গত ১৭ মার্চ উপজেলার চাড়ালদার এলাকার বালু ব্যবসায়ী রেজাউল ইসলামের নিকট চাঁদা দাবির সময় এলাকাবাসী আটক করে সাজ্জাদ হোসেন সাকিবকে । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারককে থানায় নিয়ে আসে। রেজাউল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। পরে সাজ্জাদ হোসেন সাকিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সহযোগী আসামি জুইসকে চাড়ালদার এলাকা থেকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে কারাগারে পাঠায় পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ডিসি পরিচয়ে চাঁদাবাজি মামলার সহযোগী মনির হোসেন জুইসকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




