Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

মাদারগঞ্জে অসময়ে যমুনার পানি বৃদ্ধি, নদীর গর্ভে ১০ বসতভিটা

মাদারগঞ্জে অসময়ে যমুনার পানি বৃদ্ধি, নদীর গর্ভে ১০ বসতভিটা

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় অসময়ে যমুনা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ফের ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা দিলেও এবারের ঘটনাটি ব্যতিক্রম।

Advertisement

ভাঙনে ইতোমধ্যে ১০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে হিদাগাড়ী কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর, একটি কবরস্থান এবং একটি পাকা মসজিদ, যেগুলো নদী থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থান করছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে নদীভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও অস্থায়ী প্রতিরোধ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও প্রভাবশালীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নদীপাড়ের মানুষজন ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অনেকে শত বছরের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সুরুজ মণ্ডল বলেন, “আস্তে আস্তে নদী আমার ঘরের কাছে চলে এলো। বাধ্য হয়ে ঘরবাড়ি ভেঙে দূরে চলে যাচ্ছি। বাপ-দাদার শত বছরের স্মৃতিচিহ্ন আর রইলো না।”

চরপাকেরদহ ইউনিয়নের ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির জানান, কয়েক দিনের ভাঙনে ১০টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম মানচিত্র থেকে মুছে যাবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, পাকরুল এলাকায় নদী ভাঙন প্রতিরোধে একটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ প্রকল্প প্রণয়ন করা হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.