আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে জমাকৃত প্রায় ৩০ হাজার গ্রাহকের হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাজারো গ্রাহক জড়ো হন।
পরে “মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটি”র নেতৃত্বে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে যান এবং সেখানে সমাবেশ করেন।
বিক্ষোভ চলাকালে প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল কৃষি ব্যাংক, সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ সেবা প্রত্যাশীরা।
বিক্ষুব্ধ গ্রাহকরা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কাজ বন্ধ করে দেন। কয়েকটি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং কেচিগেট বন্ধ করে রাখায় সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে নাগরিক সেবা।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সমবায় সমিতিগুলোর অর্থ কেলেঙ্কারির বিচার হয়নি। টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মাদারগঞ্জ টাকা উদ্ধার সহায়ক কমিটির সদস্য মাফিজুর রহমান বলেন, “উপজেলা প্রশাসন আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং কর্মবিরতি রেখে সংহতি জানিয়েছে, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”
কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, “গুটিকয়েক দুর্বৃত্ত আমাদের টাকা আত্মসাৎ করেছে। তারা প্রশাসনের সহযোগিতায় তা আটকে রেখেছে—এটা বরদাশতযোগ্য নয়। আমরা বারবার ইউএনও এবং ডিসির কাছে গিয়েছি, কিন্তু প্রতিকার পাইনি। এডিএম যে প্রতারণা করেছে, তা ৩২ হাজার গ্রাহকের সঙ্গে অবিচার। প্রয়োজনে আমরা জামালপুর পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”
এ সময় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।




