Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

জামালপুরে ধর্ষণ মামলায় মসজিদের ইমামকে যাবজ্জীবন

জামালপুরে ধর্ষণ মামলায় মসজিদের ইমামকে যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদে আরবি পড়তে যাওয়া এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- মুছা মিয়া (২৭) গাইবান্ধা জেলার  ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলো।

জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি গ্রাম্য জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী শিশুটির বয়স ছিল ১৫ বছর। সে মসজিদটিতে আরবি পড়তে যেত। অভিযুক্ত মুছা মিয়া সেখানে ইমামতি ও শিশুদের আরবি পড়াতেন।

এজাহারে অভিযোগ করা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন অভিযুক্ত। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে একইভাবে ১ ও ২ ডিসেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করে তার মা জালেখা খাতুন ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে যাবজ্জীবন দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

 

Advertisement