আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
‘জুলাই ঘোষণা’, ‘মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ’ এবং ‘জুলাই গণহত্যার বিচার’-এর দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুব শক্তি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ—এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এনসিপির নবগঠিত সার্চ কমিটির মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর উত্তর এনসিপির সংগঠক সাখাওয়াত হোসেন, যুগ্ম সমন্বয়কারী ও সাবেক সেনা সার্জন হাসানুজ্জামান, এবং সংগঠনের সম্মানিত সদস্য লেমন মিয়া, সিয়াম আহাম্মেদ, মাহবুব আলম খুরশেদ।
এ ছাড়াও জাতীয় যুব শক্তি মাদারগঞ্জ শাখার নেতা আরিফুল ইসলাম ও মোস্তাক আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ মাদারগঞ্জ শাখার নেতা রকি রায়হান বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “জুলাই মাসে সংঘটিত জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং এর বিচার ও স্মারক স্বরূপ ‘জুলাই সনদ’ ঘোষণা করা সময়ের দাবি।”
তারা সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলোর বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্রসংসদের অন্যান্য সদস্যরাও সংহতি প্রকাশ করেন।




