সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি||
জামালপুরের মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ সংক্রান্তে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম হাফিজ নাহিন, সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা।
বিট পুলিশিং সভায় ১০ নং ঝাউগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, আপনাদের এই অঞ্চলে আসতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে। এই সমাজকে যদি আপনারা ভালো করতে চান, আমরা আপনাদের পাশে আছি। যদি অন্যায্যভাবে কেউ আপনাদের সাথে অন্যায় করে, ভালো কাজ করতে গিয়ে কেউ যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কোন বিপদের সম্মুখীন করে বা সেরকম আশঙ্কার মধ্যে পড়েন তাহলে সকল আইনগত সহায়তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত।
তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ক্যান্সারের চেয়ে ডেঞ্জারাস। মাদক পরিবার, সমাজ, পরিবেশ এমনকি গোটা দেশকে ধ্বংস করে। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা যদি সহযোগিতা করেন এই সমাজে কারা মাদক সেবন করে, কারা মাদকের কারবারি সে সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারা আমাদের তথ্য দেন আমরা তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে একত্রে কাজ করি তাহলে সমাজ থেকে মাদক, বৈষম্য দূর করতে সক্ষম হব।
গ্রাম পুলিশ যারা আছে, তারা ওই গ্রামের সন্তান তারা সব জানে যে, কে- কি অপরাধ করে। তারা যদি বলে আমরা কিছুই জানি না তাহলে বুঝতে হবে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।
‘তদ্রূপ, আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি বলেন আমরা তো জানি না কে মাদক খায় তাহলে আপনি তা গোপন করছেন অথবা আপনি সংকিত যে তার নামটা বলতে গেলে আপনি তার দ্বারা অপমানিত হতে পারেন।’
‘যদি এরকম মনে হয়, প্রকাশ্যে বলার দরকার নেই। বিট অফিসার আছে তাদের নাম্বার দেয়া থাকবে, সে নাম্বারে তথ্য দিবেন। অথবা জেলা পুলিশ সুপারের নাম্বারে ম্যাসেজ করে তথ্য দিয়ে রাখেন।’
‘আপনারা সচেতন, কিন্তু ততটুকু সচেতন না, যতটুকু সচেতন হলে এ্যাকশন নেয়া যায়। ৫ আগস্টের পূর্বের পুলিশ আর ৫ আগস্টের পর পুলিশের মধ্যে অনেক পার্থক্য। আপনারা সকল অপরাধকে সামাজিকভাবে বয়কট করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কাদের, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ওসি ডিবি-১ মো. নাজমুস সাকিব, ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ১০ নং ইউনিয়নের বিট পুলিশিং এর সভাপতি আবদুল আলিম, ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীরা।




