কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে হোটেলের বাকি টাকা চাওয়ায় হামলা ও টাকা লুটপাটের অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার শিমলা বাজার বাসষ্ট্যান্ড এলাকার হোটেল ইষ্টিবাড়ী ও দাদা বিরিয়ানি হাউজে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা মনির হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার বাসষ্ট্যান্ড এলাকায় হোটেল ইষ্টিবাড়ী ও দাদা বিরিয়ানি হাউজে স্থানীয় শিমলা পল্লী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ড্রাইভার আনিছুর রহমান ১ হাজার ১শ’ ৬০ টাকার বাকিতে খাবার খান।
হোটেল ব্যবসায়ী মনির হোসেন ওই টাকা চাইলে দিচ্ছি করে কালক্ষেপণ করে আসছে। এরই ধারাবাহিতকায় মঙ্গলবার রাতে সময় আনুমানিক সোয়া ১২টার দিকে ড্রাইভার আনিছুর রহমান ও তার সহযোগী ড্রাইভার নান্নু মিয়া এবং হেলপার মুন্না হোটেলে খাইতে গেলে হোটেল মালিক তার পাওনা চান।
এ সময় টাকা না দিয়ে উত্তেজিত হয়ে রান্না করা খাবার ও থালা বাসনপত্র টেবিল থেকে ফেলে দিয়ে তছনছ করে এবং হোটেলের ক্যাশ বাক্স থেকে ২০/ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে মনির হোসেন অভিযোগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।




