বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল উপলক্ষে একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটির আয়োজন করেন ঢাকাস্থ “আদর্শিক বকশীগঞ্জ সমিতি”।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় জনগণের অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত চিকিৎসা সহায়ক কর্মসূচিতে রূপ নেয়।
ক্যাম্পটি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল।
তিনি ক্যাম্প পরিদর্শন শেষে বলেন, “এ ধরনের স্বাস্থ্যসেবা আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সমাজে সচেতনতা ও কল্যাণ বয়ে আনবে।”
এ সময় ক্যাম্প আয়োজক ও ঢাকাস্থ আদর্শিক বকশীগঞ্জ সমিতির সেক্রেটারি মো. ফরহাদ হোসেন রানা জানান, “আজকের ক্যাম্পে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আরও প্রায় ২০০ জন রোগী চিকিৎসা নিতে পারবে বলে আশা করছি। আমরা স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সমাজের বৃত্তবানদের সহায়তা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।”
চিকিৎসা নিতে আসা একজন বয়স্ক রোগী বলেন, “আমি বেশ কয়েকদিন ধরে জ্বর ও ব্যথায় ভুগছিলাম, কিন্তু আর্থিক সংকটে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব উপকার হয়েছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক জানান, “প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। বেশিরভাগ রোগী সাধারণ সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চর্মরোগে আক্রান্ত ছিলেন। কিছু জটিল রোগীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এ ধরনের উদ্যোগ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে।”
এ ধরনের উদ্যোগ যুব সমাজের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। স্থানীয় জনগণ এমন আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক- এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন।




