সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী প্রবাসে থাকায় ভাসুরের যৌন হয়রানি ও মাতব্বরদের হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন এক গৃহবধূ।
উপজেলার সামর্থবাড়ী (সাবেক ভূরারবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার প্রতিকার প্রার্থনায় ভুক্তভোগী সুলতানা রাজিয়া প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে উল্টো বিপদে পড়েছেন।
অভিযোগ সূত্র জানায়, সামর্থবাড়ী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আল-আমিন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। সৌদি প্রবাসী স্বামী তার স্ত্রীর কোনো খোঁজখবর না রাখায় বিষয়টি ভাসুর রব্বানীকে জানান।
দুর্বলতার সুযোগ নিয়ে রব্বানী ছোট ভাইয়ের স্ত্রীকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব ও শ্লীলতাহানি করেন। স্বামীর অবহেলা ও ভাসুরের আপত্তিকর কাজের বিচারের জন্য বিষয়টি তিনি স্থানীয় মাতব্বরদের জানান।
এদিকে ঘটনা বিস্তারিত শোনার কথা বলে তারাও গৃহবধূকে ডেকে নিয়ে শরীরে স্পর্শের চেষ্টা করেন। বারবার এমন প্রতারণার শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
ভুক্তভোগী জানান, প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেই। তিনি বিষয়টি তদন্তের জন্য থানা পুলিশকে দায়িত্ব দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে থানায় ডেকে নেয় এবং আমার প্রতি সদাচরণ করার জন্য সবাইকে নির্দেশ দেয়।
তিনি অভিযোগ করেন, পুলিশের নির্দেশ অমান্য করে ভাসুর ও মাতাব্বররা তাকে চাপে রেখেছে। আপোষ-মীমাংসার নামে কাগজে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি ও মেরে লাশ কচুরিপানার নিচে গুম করার হুমকি দিয়ে যাচ্ছে।
গৃহবধূর ভাসুর রব্বানী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “তার ভাইয়ের স্ত্রী ভালো না, তাই একেক সময় একেক অভিযোগ করে।”
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। পুনরায় তাকে হয়রানি করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




