স্টাফ রিপোর্টার||
জামালপুরে সাংবাদিক ও প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তার লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি একেবারেই সুস্থ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রেসক্লাব জামালপুর তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।’
বাদ আছর জামালপুর পিটিআই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
আনোয়ারুল ইসলাম মিলন মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন— জামায়াত ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাদক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরউল্লাহ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রথম আলোর আব্দুল আজিজ, যমুনা টিভির সাগর ফরাজি, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিন, দেশ রূপান্তরের ময়না আকন্দ, সময়ের আলোর মোস্তাফিজুর রহমান কাজল, কালের কণ্ঠের রকিব হাসান নয়ন, বণিকবার্তার আরিফ আকন্দ, নয়া দিগন্তের খাদেমুল বাবুল, ডেইলি সানের ইমরান মাহমুদ, এনটিভির ডিজিটাল প্রতিনিধি সাকিব আল নাহিদ, মুক্তকালের স্টাফ রিপোর্টার হৃদয় আহম্মেদ শাওনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক মিলনের মৃত্যুতে জামালপুরে শোকের ছায়া নেমে এসেছে।




