বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর মাঠে মরহুম বেলাল হাসান মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এক রোমাঞ্চকর খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় নবিনাবাদ (দেওয়ানগঞ্জ, জামালপুর) ও টাপুর চর (রৌমারী, কুড়িগ্রাম)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় শুরু হওয়া খেলায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। অনেক দর্শক দুপুরের খাবার সঙ্গে নিয়ে এসে খেলা উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ কিয়ামত কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমীন।
এ ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে অতিথিরা তাদের বক্তব্যে মরহুম বেলাল হাসান মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তারা বলেন, এই আয়োজন শুধু খেলাধুলাই নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে ক্রীড়ার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই উপহার দেন। প্রথমার্ধে টাপুর চর এগিয়ে গেলেও নবিনাবাদ সমতায় ফিরে আসে। দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতিআক্রমণে খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত নবিনাবাদ ফুটবল দল ৩-২ গোলে জয়লাভ করে।
খেলা শেষে অতিথিরা মরহুম বেলাল হাসান মাস্টারের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। তার স্মৃতিকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।




