Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন পিআরইভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় জামালপুরের মাদারগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে জামালপুর জেলা পুলিশ ও ইউএনএফপিএ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা। তিনি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সেবার কথা তুলে ধরেন এবং যেকোনো ধরনের সহিংসতা বা হয়রানির ঘটনায় দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন এবং সাধারণ সম্পাদক আল আমিন।
এছাড়াও বক্তব্য দেন মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের, ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই শামসুজ্জামান। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা, অন্যান্য শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারী ও শিশুসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো আইনগত পরামর্শ, সহায়তা কিংবা সহিংসতার অভিযোগ জানাতে মাদারগঞ্জ মডেল থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তারা।
Advertisement